Views Bangladesh Logo

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৫ ফুটের অজগর উদ্ধার, পরে অবমুক্ত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৫ ফুট লম্বা ও প্রায় ৩০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সোমবার (২৪ আগস্ট) দুপুরে অজগরটিকে মোছারখোলা বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে ক্যাম্প এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের কর্মীরা সেটিকে নিরাপদে হেফাজতে নেন। সোমবার দুপুর ১টার দিকে মোছারখোলা বিটের সংরক্ষিত বনের উপযুক্ত পরিবেশে অজগরটি ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন ৩০ কেজি। এটি বার্মিজ অজগর বা Python bivittatus প্রজাতির।

বন বিভাগ সূত্রে আরও জানা যায়, বর্ষাকালে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যপ্রাণী অনেক সময় লোকালয় ও ক্যাম্পের আশপাশে চলে আসে। এ সময় বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে আঘাত বা হত্যা না করে বন বিভাগকে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

চলতি জুলাই ও আগস্ট মাসে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা পাঁচটি অজগর সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ উদ্ধার হওয়া অজগরটিকেও সোমবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হলো।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে ঢুকে পড়া বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ