ছাত্র আন্দোলনে নিহত ১৫৮১ জন: স্বাস্থ্য উপ-কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে মোট এক হাজার ৫৮১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি, নাগরিক কমিটিসহ জড়িত অংশীজনদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উপ কমিটির তথ্য মতে, জুলাই গণঅভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন। তবে এটা সম্পূর্ণ নয়। অনেক আহতের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনো তালিকায় যুক্ত হয়নি বলেও জানান কমিটির সদস্যরা।
স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় আমরা সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করতে সক্ষম হয়েছি। আমাদের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ৫৮১ জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই-বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। এই কমিটি তথ্য যাচাই-বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে।
তালিকা প্রণয়নের কাজে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাইসহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা সহযোগিতা করেছে বলে জানান তারেক রেজা। পাশাপাশি, স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য প্রদান করে সহযোগিতা করেছেন।
নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা শহীদ পরিবারকে ফোন দিয়ে বা সরাসরি যোগাযোগ করে আমরা এই তথ্য নিশ্চিত হয়েছি। তবে এখনো হয়তো আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা শহীদ হলেও তাদের নাম এই তালিকায় আসেনি। আমরা জেলা কমিটিগুলোর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেনো প্রতিটি নাম ও তথ্যগুলো ভেরিফাই হয়ে আমাদের হাতে আসে৷
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহ্বায়ক নাহিদা বুশরা, আইটি টিমের ফরহাদ আলম ভূইয়া, আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে