শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো থেকে ১৫৩টি স্বর্ণবার উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) বিমানের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণবার উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করেন।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৭ দশমিক ৯০১ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) গভীর রাতে দুবাই থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব স্বর্ণ আনা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পর থেকেই নজরদারিতে রাখা হয়।
পরবর্তীতে এভসেক সদস্যদের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হলে টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে