Views Bangladesh Logo

সিলেটে আওয়ামী লীগের মিছিল-মিটিং: ৯ মামলা, আসামি ১৫০ জন

সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে গত আট মাসে নয়টি মামলা করেছে পুলিশ। মহানগরীর ছয়টি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এসব মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের ১৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ শতাধিক ব্যক্তিকে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচির ঘটনায় এসব মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে করা মামলাগুলোতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর সংশোধিত ১৩ (৯)(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলাগুলোর এজাহার বিশ্লেষণে দেখা যায়, ছয় থানায় দায়ের করা নয়টি মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে মোট ১৫০ জনকে। এর বাইরে অজ্ঞাতনামা আসামির সংখ্যা পাঁচ শতাধিক। এসব মামলায় নামোল্লেখ করা ব্যক্তি এবং অজ্ঞাত আসামিদের মধ্যে এখন পর্যন্ত ৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্য কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতা ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কোথাও মিছিল, সভা বা অন্য কোনো কর্মসূচির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলার এজাহারে যাদের নাম রয়েছে এবং তদন্তে যাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এসব মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ