লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ বাংলাদেশি
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার ত্রিপলি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে আটকে পড়া ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৬টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটযোগে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। দেশে ফিরতে ইচ্ছুক এসব বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদেরকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লাইটে প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের বেশিরভাগ লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায়-এ বিষয়ে তাদের সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবার প্রতি আহ্বান জানান।
মন্ত্রণালয় আরও জানায়, আইওএমের পক্ষ থেকে লিবিয়া থেকে ফিরে আসা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে