Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিম ও বনরুটি খাওয়ার পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রোববারও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের পেটে ব্যথাসহ খাদ্যে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। প্রাথমিকভাবে খাবার থেকেই তারা অসুস্থ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার পর অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শিক্ষার্থীদের স্বজনেরা খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে স্কুলে খাবার সরবরাহ করা হলেও মান নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিম্নমানের বা নষ্ট খাবার পরিবেশন করা হলে স্কুল ফিডিং কর্মসূচির উদ্দেশ্যই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়ে সংস্থাটির জেলা সমন্বয়কারী কবির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। চলতি বছরের জুনেও জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ