কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ সাংবাদিক: জরিপ
দেশের ১৫ শতাংশ সাংবাদিক কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে এক জরিপে উঠে এসেছে। ৩৩৯ জন সাংবাদিকের ওপর পরিচালিত এ জরিপে দেখা যায়, পুরুষদের তুলনায় নারী সাংবাদিকেরা মৌখিক, অনলাইন ও শারীরিক—সব ধরনের হয়রানির শিকার বেশি হচ্ছেন।
বুধবার রাজধানীর একটি হোটেলে ‘গণমাধ্যমকর্মীদের জন্য যৌন হয়রানি প্রতিরোধ প্রটোকল’ প্রকাশ অনুষ্ঠানে এ ফলাফল তুলে ধরা হয়। ২০২৫ সালে বিবিসি মিডিয়া অ্যাকশন-এর সহযোগিতায় ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স এই জরিপ পরিচালনা করে। এতে অংশ নেওয়া ৩৩৯ জনের মধ্যে ১০০ জন নারী ও ১৯০ জন পুরুষ সাংবাদিক ছিলেন।
জরিপ অনুযায়ী, হয়রানির শিকার হওয়া নারীদের মধ্যে ৬০ শতাংশ মৌখিক হয়রানির অভিযোগ করেছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার ৯ শতাংশ। অনলাইন হয়রানির শিকার হয়েছেন ৪৮ শতাংশ নারী ও ১৫ শতাংশ পুরুষ। আর শারীরিক হয়রানির শিকার হয়েছেন ২৪ শতাংশ নারী এবং ৭ শতাংশ পুরুষ সাংবাদিক।
এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ ধর্ষণের শিকার হয়েছেন বলেও জরিপে উঠে এসেছে। অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন আরাফাত সিদ্দিকী।
জরিপে আরও দেখা যায়, কর্মক্ষেত্রে যৌন হয়রানির ঘটনায় প্রাতিষ্ঠানিক পদক্ষেপ বেশ দুর্বল। বিশেষ করে মৌখিক হয়রানির ক্ষেত্রে অভিযোগের পরও অনেক সময় কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
জরিপ অনুযায়ী, মৌখিক হয়রানির অভিযোগ করা নারীদের ৪৩ শতাংশ এবং পুরুষদের ৬০ শতাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠান কোনো পদক্ষেপ নেয়নি। আর যেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বেশির ভাগই শুধু অভিযুক্তকে সতর্ক করার মধ্যেই সীমাবদ্ধ ছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আল মামুন, মতিউর রহমান চৌধুরী এবং আঙ্গুর নাহার মন্টি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে