প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অতীতে তেলের দাম কমার সময় যে অনুপাতে ভাড়া কমানো হয়েছিল, সেই একই অনুপাতে এবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাব তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে বাস মালিক সমিতির প্রভাবশালী নেতারা সরকারের সঙ্গে সমন্বয় করে একতরফাভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করছেন।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ১৯ এপ্রিল রাতে গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে গোপনে ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে বলে তারা জানতে পেরেছেন।
তিনি বলেন, অতীতে তিন দফায় প্রতি লিটার জ্বালানির দাম ৩ টাকা কমানো হলে বাসভাড়া ৩ পয়সা করে কমানো হয়েছিল। আবার ২ টাকা কমানো হলে ভাড়া ২ পয়সা কমানো হয়। এবার ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। সেই হিসাবে প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বাড়ানো যেতে পারে।
মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, এর চেয়ে বেশি ভাড়া বাড়ানো হলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে এবং সরকারের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে