Views Bangladesh Logo

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান। তিনি জানান, ঘটনায় একটি মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ১৫ জন আসামি রয়েছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে।

পুলিশ জানায়, শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন। তবে তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে ঘটনার বিষয়ে রোববার বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় এমপি আয়নুল হক জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপি। হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে দল দুটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ