হাম-রুবেলার ১৫ লাখ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম-রুবেলার ১৫ লাখ ও টিটেনাসের ৯০ হাজার ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়াও তিনি জানান, এখন পর্যন্ত টিকাদান কর্মসূচির ৯৩ শতাংশ লক্ষ্য অর্জন হয়েছে।
বুধবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এই ভ্যাকসিনের চালান দেশে পৌঁছানো একটি রেকর্ড। আগামী ১০ মের মধ্যে আরও ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে। এতে করে প্রায় এক বছর ভ্যাকসিনের কোনো ঘাটতি থাকবে না।
তিনি আরও বলেন, হামের টিকায় কোনো অব্যবস্থাপনা নেই। পরিস্থিতি অবনতি হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ৩ মে ইউনিসেফ প্রথম চালানে ১৫ লাখের বেশি আইপিভি ভ্যাকসিন সরবরাহ করেছিল।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে টিকাগুলো বিমানবন্দরে এসে পৌঁছায়। ইউনিসেফের প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার্সের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে