সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, বন্ধ ২২ কারখানা
ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ থামেনি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেনতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সকালে সাভারের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাঁদের ঘিরে ফেলে। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এ সময় শ্রমিকদের পাল্টা ইটপাটকেল নিক্ষেপে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
অন্যদিকে আশুলিয়ায় নিউ এইজ গ্রুপের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। কাঠগড়া এলাকায়ও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।
শ্রমিক অসন্তোষের প্রভাবে সাভার শিল্পাঞ্চলের ১১টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১২টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে হা-মীম ও এনভয় গ্রুপসহ মোট ২২টি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে এসব কারখানার ৫০ হাজারের বেশি শ্রমিক কাজ বন্ধ থাকায় মজুরি পাবেন না বলে জানা গেছে। তবে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জলকামান ও সাঁজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।
শ্রমিকদের অনেকে বলছেন, ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে তাঁদের কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে বাড়তি মজুরির সঙ্গে বাড়িভাড়া বেড়ে গেলে সেই সুবিধা কার্যত নষ্ট হবে। এ কারণে বাড়িভাড়া নিয়ন্ত্রণে বাড়ির মালিকদের ওপর সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও বহিরাগতদের হামলার আশঙ্কায় পুরো শিল্পাঞ্চলে উদ্বেগ ও চাপা আতঙ্ক বিরাজ করছে।
মতামত দিন