Views Bangladesh Logo

মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস ও তরমুজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যার ফলে মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বোগদাদ পরিবহনের একটি বাস ছেড়ে আসে। পথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীমুখী তরমুজবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। এতে দুই চালকসহ অন্তত ১৫ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, “সড়ক দুর্ঘটনায় কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”

মাদারীপুর মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, বাস ও ট্রাকের সংঘর্ষের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ