Views Bangladesh Logo

ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন বোরহানউদ্দিন ও ভোলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এক বিএনপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শনিবার সকালে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষের জন্য দুই দলই একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মকসুদুর রহমান বলেন, শনিবার সকালে টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় গেলে চৌকিদার বাড়ির সামনে বাহার ও সৌরভের নেতৃত্বে বিএনপির কর্মীরা ইউসুফ, আইয়ুব, শামীম, সোহাগ ও ইউনুসসহ তাদের পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

তিনি দাবি করেন, ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হালিমসহ ১০–১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ফাইজুল্লাহ, ইমন, আবদুল হালিম, শাহে আলম, রায়হান, শামীম ও তানজিল। ছয়জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত দুজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

অন্যদিকে পাল্টা অভিযোগ করে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারওয়ার আলম খান বলেন, সকাল ৭টার দিকে জামায়াতের কিছু কর্মী এক বিএনপি কর্মীর বাড়িতে প্রচারণায় গেলে সেখানে এক নারী গোসল করছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে স্থানীয় বাজারে হাতাহাতিতে রূপ নেয়। এতে চার থেকে পাঁচজন আহত হন। তিনি অভিযোগ করেন, পরে জামায়াত কর্মীরা জড়ো হয়ে এলাকায় মহড়া দেয় এবং এক বিএনপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালায়।

বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচনী সমন্বয়ক মো. আকবর হোসেন এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জামায়াত কর্মীরা আলী মিয়া চৌকিদার বাড়িতে বিএনপি কর্মী ইউসুফের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরিবারের সদস্যরা বাধা দেন এবং এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ