Views Bangladesh Logo

জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার বাস পুকুরে, আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য ‘আইকনিক’ পরিবহনের বাসটি ভাড়া করেছিলেন। রাতে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে নয়, ঢাকা থেকে কুয়াকাটার পথে রওনা হয় বাসটি।

সকালে খলিলপুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন। আহতদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের প্রাথমিকভাবে উদ্ধার করার পর গুরুতর অবস্থায় থাকা ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই বাসটির চালক ও হেলপারকে পাওয়া যাচ্ছে না। তারা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ