বাগেরহাট প্রজনন খামারে ১৫ মহিষের মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৫টি মহিষ মারা গেছে। এছাড়া অন্তত ৭ থেকে ৮টি মহিষ অসুস্থ রয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত খামারের মাঠে মহিষগুলোর মৃত্যু হয়।
কর্তৃপক্ষের দাবি, মাঠের ঘাসে বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যু হতে পারে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষ জানায়, খামারে মোট ৪৩৭টি মহিষ ছিলো। এর মধ্যে ১৫টি মহিষ মারা গেছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. আহসান হাবীব প্রামানিক বলেম, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, হঠাৎ রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেড বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে।
বাগেরহাট জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডল বলেন, মৃত মহিষের ময়না তদন্ত করে নমূনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন আসলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বাগরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে