অনলাইন প্রতারণাচক্রে জড়িত থাকার অভিযোগে কাঠমান্ডুতে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনলাইন প্রতারণা বা ‘স্ক্যাম সেন্টার’ পরিচালনার প্রস্তুতির অভিযোগে ১৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের সঙ্গে আরও চারজন ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে। তদন্তকারীদের দাবি, একটি চীনা চক্রের হয়ে কাজ করছিলেন তারা।
শুক্রবার কাঠমান্ডুর জনপ্রিয় পর্যটন এলাকা থামেল থেকে অভিযানে ১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। নেপাল পুলিশের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে তারা একটি কথিত অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, এই চক্রের মূল সমন্বয়ক ছিলেন একজন চীনা নাগরিক, যিনি বর্তমানে পলাতক।
ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের মুখপাত্র ও পুলিশ সুপার রামেশ্বর কার্কি জানিয়েছেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের অধিকাংশই আগে কম্বোডিয়াতে কাজ করেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সেখানে পরিচিত কিছু চীনা অপারেটর তাদের নেপালে নিয়ে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কম্বোডিয়া ও মিয়ানমারে পরিচালিত অনলাইন স্ক্যাম সেন্টারগুলোর আদলে নেপালেও একই ধরনের কার্যক্রম চালুর প্রস্তুতি চলছিল।
পুলিশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের আপত্তিকর ছবি সংগ্রহ বা পাঠিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করা হতো। পরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা ছিল চক্রটির প্রধান কৌশল। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, তাদের লক্ষ্যবস্তু মূলত নেপালের নাগরিক নয়; বরং বাংলাদেশ ও ভারতের নাগরিকরা ছিলেন প্রধান টার্গেট।
অভিযানের সময় পুলিশ বেশ কয়েকটি কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে। তদন্তকারীরা এসব ডিভাইসের তথ্য বিশ্লেষণ করে চক্রটির কার্যক্রম ও সম্ভাব্য ভুক্তভোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।
নেপাল পুলিশ জানিয়েছে, আটক ১৯ জনকেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু হতে পারে।
এদিকে তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত চীনা নাগরিক থামেল এলাকার একটি পুরো হোটেল মাসিক প্রায় সাত লাখ নেপালি রুপি ভাড়ায় লিজ নিয়ে এই কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিয়েছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নেপালে বিদেশি নাগরিকদের মাধ্যমে পরিচালিত সাইবার প্রতারণা চক্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে