আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ১৫ শিক্ষার্থী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (এমআইএমসি) ২০২৬-এ অংশ নিতে ১৫ সদস্যের জাতীয় দল নিয়ে মঙ্গোলিয়ায় যাচ্ছে বাংলাদেশ। আগামী ২২ জুলাই দেশটির রাজধানী উলানবাটরে শুরু হবে সাত দিনব্যাপী এই আয়োজন, যা চলবে ২৭ জুলাই পর্যন্ত।
২৪তম আসরের এ প্রতিযোগিতায় বিশ্বের ৩২টি দেশের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেবে। ১৫ সদস্যের বাংলাদেশ জাতীয় দলের ব্যবস্থাপনায় রয়েছে বাংলার ম্যাথ। তারা দুইটি ভিন্ন ক্যাটাগরি কি স্টেজ টু এবং কি স্টেজ থ্রি-এর মাধ্যমে গণিত প্রতিভা তুলে ধরবে।
কি স্টেজ-টু ক্যাটাগরির শিক্ষার্থীরা হলেন- অরিজিৎ সাহা (৬ষ্ঠ শ্রেণি, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), আরিয ইনতিশার চৌধুরী (৬ষ্ঠ শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), লাবিবা বিনতে ফজলে রাব্বি (৬ষ্ঠ শ্রেণি, মাস্টারমাইন্ড স্কুল), অর্ণব রঞ্জন পাল (৫ম শ্রেণি, আনন্দনিকেতন স্কুল), রাজর্ষি সাহা (৬ষ্ঠ শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), তরজা তনূদ্ভব তম (৬ষ্ঠ শ্রেণি, সহজপাঠ উচ্চ বিদ্যালয়) এবং তাহমীদ হাসান (৫ম শ্রেণি, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)।
অন্যদিকে, কি স্টেজ-থ্রি ক্যাটাগরির শিক্ষার্থীরা হলেন- আলভিন খান (৯ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), সাকিন আল সাদাফ (৯ম শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), রিশান আন নাফি (৯ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মারজানা মানহা (৮ম শ্রেণি, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল), বারীরাহ মোস্তাখার (৭ম শ্রেণি, স্কলাস্টিকা), মুবতাসিম আল মাহদি (৭ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো: ইমাদ আল দীন চোধুরী (৭ম শ্রেণি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) এবং ফাইজা আদিফাহ (৯ম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর)।
বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ শাহরিয়ার, এস. এম. মাহতাব হোসাইন এবং মো. আশরাফুল আল শাকুর। কোচরা মনে করেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের গণিত শিক্ষার অগ্রযাত্রারও একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণিত প্রতিভা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে।
বাংলার ম্যাথের সহপ্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলের কোচ মো. আশরাফুল আল শাকুর বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার কোনো ঘাটতি নেই। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত দিন