হজ পালনে গিয়ে সৌদিতে ১৫ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৮,৩৪৭ হজযাত্রী
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী।
শনিবার (১৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এদিকে, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে নেওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। অন্যদিকে, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে