জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে ১৪ দল: আ.লীগ
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানিয়ে বলেন, সোমবার (৪ ডিসেম্বর) গণভবনে জোটের শীর্ষস্থানীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ওই সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিপ্লব বড়ুয়া জানান, ১৪ দলের মধ্যে চারটি দলের প্রধানরা আওয়ামী লীগের চারটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সবুজ সংকেত দিয়েছেন।
এ সভায় ১৪ দলের মাঝে আসন ভাগাভাগির জন্য চার সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়। এ কমিটিতে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
এ সভায় ১৪ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে