Views Bangladesh Logo

তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি বিচার, ১১২ প্রাণের ক্ষত এখনো জ্বলজ্বলে

তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মৃত্যুর ১৪ বছর পার হলেও বিচার শেষ হয়নি। আহত শতাধিক শ্রমিক ও নিহতদের স্বজনেরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। মামলায় মোট ১০৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মাত্র ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

মামলাটি এখন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ বি এম আশফাক-উল-হকের আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় কার্যক্রম বারবার পিছিয়ে যাচ্ছে।

আদালত সূত্র জানায়, সর্বশেষ গত ৬ মে তিনজন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর ১ জুলাই ও ৪ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী হাজির হননি। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন রেখেছেন আগামী ৭ জানুয়ারি। আদালতের বেঞ্চ সহকারী মোর্শেদ আলম জানান, অনুপস্থিত ছয় সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আরও দুজনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জে এম ফরিদুর রহমান বলেন, সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অনেক সাক্ষীকে নথিতে থাকা ঠিকানায় পাওয়া যাচ্ছে না। এতে বিচার পিছিয়ে যাচ্ছে।

তিনি জানান, ২০১৩ সালে ১৩ আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে কারখানার কাঠামোগত ত্রুটি, অনুমোদিত নকশা ও লেআউট প্ল্যান না মানা, অগ্নিনির্বাপণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং শ্রমিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার জায়গার অভাবের কথা বলা হয়েছে। দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগও আনা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন তাজরীন ফ্যাশনসের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং চেয়ারম্যান মাহমুদা আখতার। প্রসিকিউটরের ভাষ্য, জামিনে থাকা তিন আসামি একাধিক দিন আদালতে অনুপস্থিত থেকেছেন, বাকিরা নিয়মিত হাজির হচ্ছেন।

আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ দাবি করেন, সাক্ষ্য দেওয়া কয়েকজন আসামিদের শনাক্ত করতে পারেননি, কেউ কেউ ঘটনার বিবরণ ভুলে গেছেন। কোনো সাক্ষীই নির্দিষ্ট কোনো আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য দেননি বলেও তিনি দাবি করেন। আসামিরা ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মামলার অগ্রগতি পর্যবেক্ষণ করছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। সংগঠনটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজের অভিযোগ, নির্ধারিত দিনে দেলোয়ার হোসেন আদালতে আসেননি, তাঁর পক্ষে আইনজীবীরা হাজির হয়েছেন। বিচার শেষ করার ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আগুনে পঙ্গু হওয়া রেহানা বেগম জানান, চিকিৎসার খরচ জোগাতে তাঁকে জমি বিক্রি করতে হয়েছে। এখন মৌলিক চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, “১৪ বছর পেরিয়ে গেল, এখনো বিচার পাইনি। এখন আমরা ক্ষতিপূরণ চাই। ধুঁকে ধুঁকে মরতে চাই না, বাঁচতে চাই।”

প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে আগুন লাগে। সেদিন কারখানায় ডিউটিতে থাকা ৯৮৪ শ্রমিকের মধ্যে ১১২ জন মারা যান। পরদিন আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ২০১৩ সালের ১৩ ডিসেম্বর সিআইডি ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, কারখানায় পর্যাপ্ত জরুরি বহির্গমন পথ ছিল না, কাঠামো ও নকশায়ও ত্রুটি ছিল। আগুন লাগার পর শ্রমিকেরা বেরিয়ে আসতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বলেন এটি মহড়া, আর কোলাপসিবল গেট তালাবদ্ধ করার আগে তাঁদের কাজে ফিরে যেতে বাধ্য করেন। আল আমিন, রানা ওরফে আনোয়ারুল, শামীম মিয়া ও মোবারক হোসেন মঞ্জু পলাতক। বাকি আসামিরা জামিনে আছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ