পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে এই রদবদলের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে। গত ২৮ জুন জারি করা ওই আদেশ নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়।
অন্য এক প্রজ্ঞাপনে কয়েকজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের টিআর পদে থাকা পুলিশ সুপার আ. ফ. ম. নিজাম উদ্দিন ও এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থ নিশ্চিত করতেই পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে এই রদবদল আনা হয়েছে।
মতামত দিন