Views Bangladesh Logo

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪: এমএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন। আগের মাস ফেব্রুয়ারিতে এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা ছিল মাত্র ২। অর্থাৎ মার্চে রাজনৈতিক সহিংসতায় মৃত্যু আগের মাসের তুলনায় তিন গুণেরও বেশি বেড়েছে।

মার্চ মাসে দেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটি প্রতি মাসে দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে। আজ মঙ্গলবার মার্চ মাসের প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

রাজনৈতিক সহিংসতা বেড়েছে
এমএসএফ জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা বেড়েছে। বেশিরভাগ সহিংসতার ঘটনায় সরকারি দল বিএনপির অন্তর্দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের প্রভাব ছিল, যা জনমনে আতঙ্ক তৈরি করছে।
সংস্থার তথ্য অনুযায়ী, মার্চে ৫৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মোট ৪০৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে নারীসহ ১৪ জন নিহত এবং ৩৯০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতের ২ জন, ১ জন নারী এবং ১ জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে ১৮টি সহিংসতার ঘটনায় ২ জন নিহত ও ১১৩ জন আহত হয়েছিলেন।

কারা হেফাজতে মৃত্যু ১১ জনের
এমএসএফ জানিয়েছে, মার্চে দেশের বিভিন্ন কারাগারে ১১ জন বন্দীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন আরও ২ জন।

সংস্থাটির মতে, বন্দীদের চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ যথাযথভাবে তদন্ত করা হলে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হলে এ ধরনের মৃত্যু নিয়ন্ত্রণ করা সম্ভব।

নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে ২৮৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের চেয়ে ৩৬টি বেশি। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৪৮টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৫টি এবং ধর্ষণের পর হত্যা ৩টি। ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

এমএসএফ জানায়, নারী ও শিশুদের ওপর ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের মতো ঘটনা যে হারে বেড়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। এ সময়ে ধর্ষণচেষ্টা, যৌন নিপীড়ন, আত্মহত্যা, হত্যা এবং জীবিত বা মৃত নবজাতক উদ্ধারের ঘটনাও বেড়েছে।

মতপ্রকাশে হস্তক্ষেপ
মার্চে সাংবাদিক নির্যাতনের ঘটনা ও আক্রান্ত সাংবাদিকের সংখ্যা কিছুটা কমলেও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ায় সরকারি দলের সংশ্লিষ্টতা গণমাধ্যমের জন্য হুমকি তৈরি করছে বলে মনে করে এমএসএফ।

সংস্থাটি জানায়, মার্চে ১০টি ঘটনায় ৩০ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার মধ্যে ৫টিতে বিএনপি, ১টিতে বহিষ্কৃত বিএনপি কর্মী, ১টিতে উত্তেজিত জনতা, ১টিতে চিকিৎসক, ১টিতে বিআইডব্লিউটিসির কর্মচারী এবং ১টিতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা ছিল।

অজ্ঞাতনামা লাশ
মার্চে অজ্ঞাতনামা ৫৩টি মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২ জন শিশু, ২ জন কিশোর, ১৩ জন নারী ও ৩৬ জন পুরুষ। এমএসএফ বলেছে, এসব ঘটনা জনজীবনের নিরাপত্তাহীনতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করছে।

সংখ্যালঘু নির্যাতন
মার্চে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ৪টি এবং আদিবাসী নির্যাতনের ৪টিসহ মোট ৮টি ঘটনা ঘটেছে। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ১০টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অপব্যবহার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী গ্রেপ্তার, নির্বাচন-পরবর্তী সহিংসতা, সীমান্তে হত্যা, গণপিটুনি ও মব সন্ত্রাসের ঘটনা অব্যাহত রয়েছে।

এমএসএফ মনে করে, জননিরাপত্তায় সরকারের কার্যকর ভূমিকার অভাবে নাগরিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা, সমমর্যাদা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে সংস্থাটি।
সড়কে মৃত্যু বড় উদ্বেগ

রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে এমএসএফ জানায়, ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৩৪২টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন প্রাণ হারিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ