অপ্রতিমের জানাজা সম্পন্ন, কোটবাড়িতে দাফন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়।
জানাজার আগে অপ্রতিমের বাবা শাহরিয়ার আবেগাপ্লুত হয়ে বলেন, আপনাদের ছেলে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। ও যদি কোনো ভুল করে থাকে, তাহলে আমার ছেলেকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তার আত্মার মাগফিরাত করেন।
১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। একাধিক সূত্রের দাবি, নিখোঁজ হওয়ার পর বিকেল থেকে অপ্রতিমের সঙ্গে তুহিন ছিল। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্যও পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে রোববার দুপুর ১২টার দিকে বিস্তারিত তথ্য জানানো হবে।
মতামত দিন