মায়ের ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিম
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান। এ ঘটনার পরদিন কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন অপ্রতিমের বাবা।
নিখোঁজ অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের ফোন নিয়ে ছবি তুলতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এর পর আর বাসায় ফেরেনি সে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তবে শিশুটির সন্ধানে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’
কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার (০১৭১৯-৬২৫৬৯০) অথবা মা ড. নাহিদা বেগমের (০১৯৭৪-৮৮৮৬৬৫) সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মতামত দিন