সাত কলেজের সমস্যা খুঁজতে ১৩ সদস্যের কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহীনুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশের তথ্য অনুযায়ী জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মোহাম্মদ খালেদ রহীমকে আর সদস্যসচিব উপসচিব মো. শাহীনুর রহমান।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন প্রতিনিধি; ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের একজন প্রতিনিধি; জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের একজন প্রতিনিধি; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) নুমেরী জামান এবং ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিতকরণ; চিহ্নিত সমস্যা নিরসনকল্পে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন; কমিটি আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবেন এবং কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করতে পারবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে