‘তিন মাসে ১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ও পরে গত তিন মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১৩৩টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা ২৫টি, ধর্ষণ ও নারী নির্যাতন ৪টি, মন্দিরে হামলা ও লুটপাট ৩৫টি এবং পাহাড়-সমতলে বিভিন্ন জাতিসত্তার ওপর হামলাসহ অন্যান্য ঘটনা ৬৯টি।
মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারিতে ৪৬টি ঘটনার মধ্যে হত্যা ১১টি, মন্দিরে হামলা ৯টি এবং হামলা, লুটপাট ও ভাঙচুর ১৫টি। ফেব্রুয়ারিতে ৫০টি ঘটনায় হত্যা ৮টি, মন্দিরে হামলা ১৫টি এবং লুটপাট ও ভাঙচুর ১৭টি। মার্চে ৩৭টি ঘটনায় হত্যা ৬টি, মন্দিরে হামলা ১১টি এবং লুটপাট ও ভাঙচুর ৭টি।
ঐক্য পরিষদ জানায়, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এ ধরনের হামলা কমবে বলে আশা করেছিল সংগঠনটি। কিন্তু ঘটনাগুলো অব্যাহত থাকায় সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছে। এ পরিস্থিতিতে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে