ঈদের ছুটিতে ১১০ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২: বিআরটিএ
ঈদুল ফিতরের আট দিনের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ১১০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩২ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়, যা দেশের যে কোনো বিভাগের তুলনায় সর্বোচ্চ।
গত ২৮ মার্চ থেকে ঈদের টানা ছুটি শুরু হয় এবং শেষ হয় ৫ এপ্রিল। প্রতি বছর ঈদের ছুটির সময় সড়ক দুর্ঘটনা একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়, এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
বিআরটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে থাকে। তবে সরকারি সংস্থাটি জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কম।
বিআরটিএর তথ্যমতে, গত বছরের জুন মাসে ঈদুল-আজহার ছুটিতে (১১-২৩ জুন) ২৩৫টি দুর্ঘটনায় ২৩০ জন নিহত এবং ৩০১ জন আহত হয়েছিলেন। আর একই বছরের এপ্রিলে ঈদুল-ফিতরের ছুটিতে (৪-২০ এপ্রিল) ১৭ দিনে ২৮৬টি সড়ক দুর্ঘটনায় ৩২০ জনের মৃত্যু এবং ৪৬২ জন আহত হয়েছিলেন।
এ বছরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ঈদের দিন (৩১ মার্চ) সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এদিন ১৮টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়। এছাড়া ঈদের দ্বিতীয় দিন (১ এপ্রিল) ১৯ জন এবং তৃতীয় দিন (২ এপ্রিল) ২২ জনের মৃত্যু হয়।
সবচেয়ে মর্মান্তিক দুর্ ঘটনাগুলোর একটি ঘটে ২ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। সেখানে একটি মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়।
এবারের ঈদে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। ২ এপ্রিলের এ দুর্ঘটনায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হন।
ঢাকার পর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রাম বিভাগে, যেখানে ৩১ জন মারা যান। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৩ জন, রাজশাহীতে ১৪ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়েছে।
সর্বনিম্ন প্রাণহানির ঘটনা ঘটেছে সিলেট এবং বরিশাল বিভাগে। এই দুই বিভাগের মধ্যে সিলেট ৫ জন এবং বরিশালে ৬ জন নিহত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে