টুঙ্গিপাড়ায় সহিংসতা: দুই মামলায় আসামি ১৩ হাজার ৩৪ জন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা পৃথক দুটি মামলায় মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশের মামলায় ৮ হাজার ২৬ জন এবং বিজিবির মামলায় ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে।
গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে পুলিশ। এতে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাও রয়েছেন।
অন্যদিকে, উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় বিজিবির টহলদলের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি। এ মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি পাঁচ হাজার।
গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে পুলিশের মামলাটি করেন। পরদিন ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশের মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।
এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামচুল হক এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশের এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পরে থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়।
এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তালিকায় রয়েছে একটি এলএমজি ও এর ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯টি রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।
অন্যদিকে, বিজিবির মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিলফা খালেক বাজার এলাকায় সংঘবদ্ধ একটি দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। এ সময় দায়িত্বে থাকা সদস্যদের ওপর হামলা চালিয়ে তাঁদের আহত করা হয়। পাশাপাশি সরকারি যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন সরঞ্জামের ক্ষতিসাধন করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানান, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি এবং বিজিবির পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে। তবে দুটি মামলার কোনোটিতেই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মতামত দিন