Views Bangladesh Logo

চলতি মাসে লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

চলতি সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি এবং তার প্রভাবে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার এ পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। পাশাপাশি ভারি বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এতে আরও বলা হয়, সেপ্টেম্বরে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃদু তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহের সময় ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ সাধারণত বজায় থাকতে পারে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড়ে উজ্জ্বল সূর্যকিরণের সময় ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ