রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১৩
বাগেরহাটের রামপালে নৌবাহিনীর একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমদ জানান, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে খুলনার দিকে আসছিল। অন্যদিকে মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুকান্ত পাল জানান, তাদের হাসপাতালে ছয়জনকে আনা হয়েছিল। এর মধ্যে চারজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালপ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় মোট অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে