Views Bangladesh Logo

পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

 VB  Desk

ভিবি ডেস্ক

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের কারণে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ায় আরও অন্তত পাঁচটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও অপর পাঁচ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি মাছধরা ট্রলার ১৮ জেলেসহ ডুবে যায়। বুধবার দুপুর পর্যন্ত ১৬ জন জেলেকে উদ্ধার করা হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

এর আগে ৫ জুলাই (রোববার) বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ১১ জেলেসহ ডুবে যায়। এ ঘটনায় পাঁচ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। বাসস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ