বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের যৌথ নির্দেশনা
বাংলাদেশি নাগরিকদের ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়ে যৌথ নির্দেশনা জারি করেছে ১৩টি দেশ।
বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এ নির্দেশনা প্রকাশ করে। এতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত দাপ্তরিক নিয়ম মেনে চলতে হবে।
নির্দেশনায় আবেদনকারীদের জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা দেখা দিতে পারে বলেও উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাবের আশ্বাস দিয়ে যারা মধ্যস্থতার প্রস্তাব দেয়, তাদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রক্রিয়াটি নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য থাকে।
এই যৌথ নির্দেশনা প্রদানকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে