Views Bangladesh Logo

কারণ দর্শানো ছাড়াই জিপিও-তে ১৩ কর্মচারী ছাঁটাই: প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী জিপিও, ঘোড়ামারা প্রধান ডাকঘর এবং এর আওতাধীন সাব-পোস্ট অফিসগুলোতে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসা ১৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী ডাকঘর। একতরফা এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে কর্মচারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রাজশাহী জিপিওর প্রধান ফটকের সামনে ‘বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগ’-এর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অবিলম্বে ও নিঃশর্তভাবে ছাঁটাই আদেশ বাতিল করে ভুক্তভোগীদের স্ব স্ব পদে পুনর্বহালের দাবিতে সিনিয়র পোস্টমাস্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।



ডাক বিভাগের বঞ্চিত কর্মচারীদের এই ন্যায়সংগত আন্দোলনের সঙ্গে তাৎক্ষণিক একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রাজশাহীর বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের শতাধিক কর্মচারী। এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বিএডিসি, রাজশাহী ওয়াসা, রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী বেতার ও গণপূর্ত বিভাগের কর্মচারীরা।

সমাবেশে উপস্থিত কর্মচারীরা "১ নোটিশে বন্ধ হওয়া ১৩ পরিবারের রুটি-রুজি ফিরিয়ে দাও", "দাসত্ব নয়, শ্রমের স্বীকৃতি চাই" এবং "চাই চাকরির নিশ্চয়তা" সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তীব্র প্রতিবাদ জানান।

রাজশাহী জিপিওর সিনিয়র পোস্টমাস্টারের কার্যালয় থেকে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে স্মারক নম্বরে ছাঁটাই আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট গঠিত একটি একতরফা কমিটির (স্মারক নং: ৮৪) প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবেশে বক্তারা এই আদেশের তীব্র সমালোচনা করে বেশ কিছু প্রশাসনিক ও আইনি অসংগতি তুলে ধরে বলেন উচ্চতর কোনো মন্ত্রণালয় বা ডাক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই (পত্রে 'সূত্র: নাই' উল্লেখ করে) সম্পূর্ণ স্থানীয় পর্যায়ে এখতিয়ারবহির্ভূতভাবে এই চাকরিচ্যুতির আদেশ জারি করা হয়েছে।

কোনো কারণ দর্শানোর নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগ না দিয়ে, দীর্ঘদিন ধরে সেবা দেওয়া কর্মীদের হঠাৎ চাকরিচ্যুত করা প্রশাসনিক ও স্বাভাবিক ন্যায়বিচার নীতির সুস্পষ্ট পরিপন্থী।

কাজের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও কর্মীদের এভাবে আকস্মিক ছাঁটাই করা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নজির, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫(খ), ২০(১), ২৭ ও ৩১ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।

সমাবেশ থেকে বক্তাগণ আরও বলেন, ‘আমরা ঈদ ও বৈশাখসহ কোন উৎসবে ভাতা বা বোনাস পাইনি। বরং সেই উৎসবের ছুটির দিনগুলোর বেতন মজুরীও কেটে নেওয়া হতো। এমনকি সাম্প্রতিক সময়ে ৫-৭ মাস আমাদের বেতন দেয়া বন্ধ ছিল। কারণ হিসেবে বলা হতো বাজেট নাই। তবুও আমরা ডাক বিভাগকে নিষ্ঠা ও সততার সাথে সেবা দিয়ে গেছি। অথচ আজ পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকা সত্বেও অযৌক্তিক ভাবে আমাদের চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম হুঁশিয়ারি  উচ্চরণ করে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে এই অন্যায্য সিদ্ধান্ত সংশোধন করা না হলে ডাক সেবায় তৈরি হওয়া যেকোনো প্রশাসনিক বা সেবামূলক স্থবিরতার পূর্ণ দায় সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষকেই বহন করতে হবে।”

অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ভূমি মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য (রাজশাহী-২), ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালক, পোস্টমাস্টার জেনারেল (পিএমজি), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার (আরএমপি) এবং জাতীয় গোয়েন্দা সংস্থাসহ (এনএসআই ও ডিজিএফআই) সংশ্লিষ্ট উচ্চপদস্থ দপ্তরসমূহে প্রেরিত হয়েছে।

চাকরিচ্যুত করা ১৩ কর্মচারীরা হলেন- দৈনিক মজুরিভিত্তিক পোস্টাল অপারেটর (৯ জন) যথাক্রমে মোঃ মমিনুল ইসলাম (রাজশাহী জিপিও); মো. শকিলুর রহমান (রাজশাহী জিপিও); শ্রী চৈতন্য দাস (রাজশাহী জিপিও); মোসাঃ জাহিদা খাতুন (রাজশাহী জিপিও); মোসাঃ পপি খাতুন (রাজশাহী জিপিও); মোঃ মাসুদ রানা (ঘোড়ামারা প্রধান ডাকঘর); মোসা. মনজিলা খাতুন (ঘোড়ামারা প্রধান ডাকঘর); মোঃ শামীউল আলীম (ঘোড়ামারা প্রধান ডাকঘর); খন্দকার মতিউর রহমান (রাজশাহী কোর্ট টাউন সাব পোস্ট অফিস), দৈনিক মজুরিভিত্তিক প্যাকার (২ জন) যথাক্রমে- মোসাঃ লতিফা খাতুন (রাজশাহী জিপিও); মোঃ হারুন আর রশিদ (রাজশাহী কোর্ট টাউন সাব পোস্ট অফিস) এবং দৈনিক মজুরিভিত্তিক নৈশপ্রহরী (২ জন) যথাক্রমে - মোঃ হানিফ শেখ (পদ্মা আবাসিক টাউন সাব পোস্ট অফিস); চৌধুরী আব্দুল কাদের (রাজশাহী ক্যান্টনমেন্ট টাউন সাব পোস্ট অফিস)।

মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগ-এর সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনা ও পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগ-এর সভাপতি মো. ইকবাল হোসেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, ঘোড়ামারা প্রধান ডাকঘরে দৈ.ম.ভি পোস্টাল অপারেটর (অব্যাহতিপ্রাপ্ত) লেখক, উন্নয়ন ও অধিকারকর্মী মো. শামীউল আলীম শাওন, রাজশাহী কোর্ট টাউন সাব পোস্ট অফিসের দৈ.ম.ভি পোস্টাল অপারেটর (অব্যাহতিপ্রাপ্ত) খন্দকার মতিউর রহমান পায়েল, রেশম উন্নয়ন বোর্ডের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী তাসেন আলী প্রমূখ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ