১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, ধামাচাপা দিতে অভিযুক্ত বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছর বয়সী এক শিশু। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ওই বৃদ্ধের সঙ্গে ভুক্তভোগীকে বিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে শিশুটির মা অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে দয়ালের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করেছেন।
দয়াল ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন নুরুল ইসলাম। সবশেষ গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। ধীরে ধীরে শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি পরিবারের নজরে আসে।
পরে উভয়পক্ষ বিষয়টি পারিবারিক এবং সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করেন। ধর্ষণের বিষয় কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন নুরুল।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে শিশুটির শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা যায়। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটি তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
এক সপ্তাহ আগে মান সম্মানের ভয়ে স্থানীয় কয়েকজনের চাপে ওই লোকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয় পরিবার। এছাড়া ভুক্তভোগীর পরিবারকে দেড় লাখ টাকা আর দুই শতক জমি দেওয়ার কথা বলা হয়েছে। তবে টাকা আর জমি কিছুই পাননি তারা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ্ জানান, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপস করার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বর্তমানে অভিযুক্তসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে