Views Bangladesh Logo

ঢাকায় উদযাপিত হলো ১২তম আন্তর্জাতিক ইয়োগা দিবস ২০২৬

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)-এর আয়োজনে রোববার (২১ জুন) ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১২তম আন্তর্জাতিক ইয়োগা দিবস (আইডিওয়াই) উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে যোগপ্রেমী, শিক্ষার্থী, সুস্থতা চর্চাকারী এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত হয়। ভারতের প্রাচীন ঐতিহ্যবাহী এই অনুশীলন বর্তমানে বিশ্বব্যাপী শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা অর্জনের একটি কার্যকর মাধ্যম হিসেবে স্বীকৃত। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ; যা দীর্ঘায়ু, শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কমন ইয়োগা প্রোটোকল (সিওয়াইপি)’ সেশন। আইজিসিসির যোগ প্রশিক্ষক শাহনাজ পারভীন এবং তাঁর শিক্ষার্থীদের পরিচালনায় অনুষ্ঠিত এ সেশনে বিপুলসংখ্যক অংশগ্রহণকারী উৎসাহের সঙ্গে বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করেন।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য যোগ প্রতিষ্ঠান- জয়সান ইয়োগা, হু আর্ট অব ইয়োগা, সেলফ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন ইয়োগা স্কুল, নটর ডেম ইয়োগা অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং দ্য অ্যাকাডেমি অব আ বেটার ওয়ার্ল্ড (ব্রহ্মকুমারীস) যোগব্যায়ামের প্রদর্শনী উপস্থাপন করে। এসব পরিবেশনা দেশে যোগচর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটায়।

এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল ‘আয়ুর্বেদ লাউঞ্জ’, যেখানে আয়ুর্বেদকে একটি সমন্বিত স্বাস্থ্য ও সুস্থতা ব্যবস্থা হিসেবে তুলে ধরা হয়। লাউঞ্জে দ্য আয়ুর্বেদ মেডিক্যাল অ্যান্ড রিসার্চ, ঔষধি ল্যাবরেটরিজ অ্যান্ড ওশিন ন্যাচারালসের প্রদর্শনী স্টল ছিল। পাশাপাশি ভারতীয় হাইকমিশনের গ্রন্থাগারে সংরক্ষিত আয়ুর্বেদবিষয়ক বইও দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়।

মূল অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত দীর্ঘমেয়াদি সচেতনতামূলক কার্যক্রমের সমাপনী পর্ব। ৬ মে ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে আইজিসিসি ও ভারতীয় হাইকমিশন দেশের বিভিন্ন ইয়োগা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় সারা বাংলাদেশে ৩৬টিরও বেশি ইয়োগাবিষয়ক কর্মসূচি আয়োজন ও সহায়তা করে। এসব উদ্যোগের মাধ্যমে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করেছে মারিকো বাংলাদেশ, টাটা মোটরস, নিটল মোটরস, বসুন্ধরা গ্রুপ, অশোক লেল্যান্ড, আইএফএডি, জায়া গোল্ড, রয়্যাল গোল্ড, পিএন কম্পোজিট, প্রবৃদ্ধি অ্যাপারেলস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড।

এই আয়োজনটি সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে যোগব্যায়ামের ঐক্যবদ্ধ শক্তির বার্তাকে পুনরায় তুলে ধরেছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগচর্চার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন ঘটিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ