Views Bangladesh Logo

যুব দিবসের ওয়েবিনারে বক্তাদের অভিমত

তরুণদের ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত, জরুরি টেকসই অর্থায়ন

বাংলাদেশে তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচির পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি ও করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক অনুষ্ঠানে সহায়তা করে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর।



ওয়েবিনারে জানানো হয়, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী। এর মধ্যে ১৯ শতাংশ মৃত্যু অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০ রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।

বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে ২০১৮-এর তথ্য তুলে ধরে বক্তারা বলেন, ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের প্রায় ১২ শতাংশ ইতোমধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত। তরুণ বয়সেই ঝুঁকি কমাতে উদ্যোগ না নিলে ভবিষ্যতে অসংক্রামক রোগের বোঝা আরও বাড়তে পারে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু কমাতে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ জন্য প্রয়োজন টেকসই অর্থায়ন। ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধাও গবেষণাভিত্তিক প্রতিরোধ ও চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন।

জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস অসংক্রামক রোগ মোকাবিলায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ বরাদ্দের আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সহসভাপতি মোহাম্মদ আল আমিন বলেন, স্বাস্থ্য বাজেটের যথাযথ ব্যবহার এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অগ্রাধিকার নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওয়েবিনারে দেশের বিভিন্ন অঞ্চলের যুব সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ