Views Bangladesh Logo

শাহজালাল মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থের ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী কাঠামো নির্ধারণ করবে এই কমিটি।

শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে নানামুখী বিতর্কের প্রেক্ষাপটে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছেন। সবার মতামতের ভিত্তিতেই এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।’

নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং মাজারের চলমান ব্যাংক হিসাবে তা জমা রাখবে।

বিদায়ী জেলা প্রশাসকের পূর্ববর্তী উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অতীতের কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না; বরং সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যেকোনো কাজ এককভাবে করার চেয়ে সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করে করাই বেশি কার্যকর।’

কমিটির অন্য সদস্যরা হলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ