Views Bangladesh Logo

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যেই আবারও দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। ১২ কেজির সিলিন্ডার ছাড়াও ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৪৬ টাকা এবং ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা, ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৩৪ টাকা এবং ২২ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

২৫ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দামও বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম ০.৩৩১০ টাকা থেকে বাড়িয়ে ০.৩৬৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ২৩ টাকা ৪৮ পয়সা, ডিস্ট্রিবিউটরদের চার্জ প্রতি কেজিতে ৭ টাকা ৮ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ প্রতি কেজিতে ৫ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটারে ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটারে ৯ টাকা ২৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়ানো হয়। বাজারে এলপিজির সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যে এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়াল বিইআরসি।

গত ২৯ অক্টোবর এলপিজির দাম এবং মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণ চার্জ নিয়ে গণশুনানি করে কমিশন। শুনানিতে এলপিজি অপারেটর, ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতারা বিভিন্ন চার্জ বাড়ানোর প্রস্তাব দেন।

কোম্পানিগুলো বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ১৫ থেকে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ টাকা করার প্রস্তাব দেয়। ডিস্ট্রিবিউটরদের চার্জ ৪ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৩ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ ৩ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাব করা হয়।

অন্যদিকে, ডিস্ট্রিবিউটররা ১২ কেজির সিলিন্ডারপ্রতি নিজেদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা ব্যবসায়ীরা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার প্রস্তাব দেন।

শুনানিতে এসব প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করে। এতে সিলিন্ডারপ্রতি ১৩৯ টাকা দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছিল।

শুনানির পর ২ নভেম্বর পর্যন্ত মতামত দেওয়ার সুযোগ দিয়েছিল কমিশন। মতামত দেওয়ার শেষ দিনেই নতুন দাম ঘোষণা করল বিইআরসি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ