Views Bangladesh Logo

নতুন সরকারের শপথে থাকবেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তনের প্রাক্কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে দেশি–বিদেশি মিলিয়ে প্রায় ১২০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।

এর আগে সকালে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন। পরে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে, যিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল।

এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা অনুষ্ঠানে অংশ নেবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। শেষ মুহূর্তে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ঢাকায় আসতে পারেন বলেও আভাস পাওয়া গেছে।

যুক্তরাজ্যের পক্ষ থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি আসতে পারছেন না; তার পরিবর্তে ওম বিড়লা প্রতিনিধিত্ব করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে দলটি সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছে।

গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ও প্রশাসনিক ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রথা অনুযায়ী অনুষ্ঠানে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, আইনজীবী, কূটনীতিক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কূটনৈতিক প্রটোকল অনুসারে বিদেশি অতিথিদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ