Views Bangladesh Logo

জ্বালানি সংকটে ঝুঁকিতে গাজার ইনকিউবেটরে থাকা ১২০ নবজাতক

 VB  Desk

ভিবি ডেস্ক

অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও জেনারেটরে ব্যবহৃত জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় হাসপাতালের ইনকিউবেটরে থাকা অন্তত ১২০ নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে গতকাল সতর্ক করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের আক্রমণের পর গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। জ্বালানি সংকটে বন্ধ আছে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র। এরমধ্যে জ্বালানি তেল দিয়ে জেনারেটর চালিয়ে হাসপাতালে জরুরি সেবা দেওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু, ইসরায়েলের নতুন করে দেওয়া অবরোধে পাওয়া যাচ্ছে না সে জ্বালানি, ফলে গাজার হাসপাতালগুলোয় ইনকিউবেটরে রাখা অন্তত ১২০ নবজাতক শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে হাসপাতালগুলো শুধুমাত্র হাজার হাজার আহতদের জন্য নয়, রুটিন রোগীদের জন্যও ওষুধ, জ্বালানী এবং বিশুদ্ধ পানির মারাত্মক অভাবের সম্মুখীন হচ্ছে।
এ বিষয়ে ইউনিসেফের মুখপাত্র জোনাথন ক্রিকক্স বলেন, "বর্তমানে আমাদের কাছে ১২০জন নবজাতক রয়েছে যারা ইনকিউবেটরে আছে। যার মধ্যে ৭০ জন নবজাতক রয়েছে যাদের যান্ত্রিক বায়ুচলাচল লাগে। আমরা তাদের নিয়ে অবশ্যই অত্যন্ত উদ্বিগ্ন।"
গাজা জুড়ে সাতটি বিশেষজ্ঞ ওয়ার্ডে শ্বাস-প্রশ্বাসে সহায়তা এবং নবজাতকের গুরুতর অবস্থায় সহায়তা প্রদানের জন্য চিকিত্সা ব্যবস্থায় এখন জ্বালানি সংকট প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ