Views Bangladesh Logo

১৫ ঘণ্টায় ১২ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১৫ ঘণ্টায় অন্তত ১২টি যানবাহনে আগুন দিয়েছে ‘উচ্ছৃঙ্খল জনতা’। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের  দেওয়া এক বিবরণীতে এই তথ্য জানা যায়।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ১১টি অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১২টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।

গতকাল রাত ৯টার দিকে দোহারে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টার দিকে নাটোরের বনপাড়ায় পুড়েছে একটি কাভার্ড ভ্যান। রাত সাড়ে ৮টার দিকে সিলেটের শাহ পরানে একটি লেগুনায় আগুন দেওয়া হয়।

অন্যদিকে, রাত ৯টার দিকে বগুড়ার শাকপালা এলাকায় আগুন দিয়ে একটি কাভার্ড ভ্যান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে চট্টগ্রামের ওয়াসা মোড়ে পোড়ানো হয়েছে দুটি বাস।

গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে বগুড়ার শেরপুরে একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। প্রায় একই সময়ে জয়বাংলাহাটে আরেকটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বরিশাল বিভাগেও ঘটেছে আগুনের ঘটনা। ঝালকাঠির কলেজ মোড়ে লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলায়। রাত ৩টা দিকে কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া চাঁদপুরের হাজিগঞ্জে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

দেশজুড়ে এসব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট এবং ১১৬ জন দমকলকর্মী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ