১২ জন শিক্ষকের ১২ জন শিক্ষার্থী, তবু সবাই ফেল
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চবিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ জন শিক্ষার্থী। বিদ্যালয়টিতে শিক্ষকও আছেন ১২ জন। কিন্তু পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
সোমবার সকালে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বোর্ডের ২২টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের চারটি বিদ্যালয় রয়েছে।
তালতলা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দশম শ্রেণির একটি কক্ষে একা বসে আছে শিক্ষার্থী বাধন কুমার রায়। সে জানায়, বিদ্যালয়ে শিক্ষকেরা নিয়মিত এলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম। একসময় শ্রেণিকক্ষ শিক্ষার্থীতে পূর্ণ থাকলেও এখন কেউ বিয়ে করেছে, কেউ ঢাকায় গিয়ে কাজে যুক্ত হয়েছে। অন্য অনেক শিক্ষার্থীও নিয়মিত বিদ্যালয়ে আসে না।
বিদ্যালয় সূত্রে জানা যায়, তালতলা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে। ২০০১ সালে প্রতিষ্ঠানটি জুনিয়র পর্যায়ে এমপিওভুক্ত হয়। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। এরপর এবারই প্রথম বিদ্যালয়টির শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ১৫০ শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ শিক্ষক আছেন ১২ জন। আগামী বছর প্রায় ২৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে।
কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন