টেকনাফে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। পাচারের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চারজন।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও ৯ জন কিশোরী রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থাকতেন।
সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী পর্যটন বাজারের একটি সুপারিবাগানে এ অভিযান চালানো হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, একদল লোক সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য একদল লোককে জড়ো করেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
গ্রেপ্তার পাচারকারীরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুরুল আমিন (২৫) ও নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার মিনহাজ উদ্দিন (২০) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারার মো. আল আমিন।
তাদের বিরুদ্ধে থানায় মামলা এবং উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে