Views Bangladesh Logo

খেলাফত প্রতিষ্ঠা ও উগ্রবাদী কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল মসজিদে আটক ১২ জনের: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন গঠনের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের উদ্দেশ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা এবং উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য সংগঠিত হওয়া—এমন তথ্য জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি।

রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কাছে থাকা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের মসজিদে অভিযান চালানো হয়। নামাজ শেষে সেখানে একদল ব্যক্তি বসে আলোচনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তির সংখ্যা প্রায় ২৩ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ব্যক্তিদের প্রত্যেকের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এতে ১১ জনের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো সাক্ষ্য, প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবক বা মুরুব্বিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে বাকি ১২ জনের বিষয়ে মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদে সংগঠন গঠনের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন গঠন করতে চেয়েছিলেন। সংগঠনটির মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা এবং উগ্রবাদী কর্মকাণ্ডে সংগঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

এ ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সরকার।

ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে শুক্রবার জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে নেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ