হাম ও উপসর্গে মারা গেল আরও ১২ শিশু, সাড়ে ৪০০ ছাড়াল মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি আট শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় ১১১ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়ে।
মৃত শিশুদের মধ্যে হাম শনাক্ত হওয়া চারজনের দুজন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রামের এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৩৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৫১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে মোট ৫৫ হাজার ৬১১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু।
এ সময়ে দেশে মোট ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে