Views Bangladesh Logo

বরিশালে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল নগরীতে গোপন বৈঠক করার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১২ নেতা-কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, নাশকতার পরিকল্পনা করতে তারা একটি ভবনে গোপন বৈঠকে বসেছিলেন।

শনিবার দুপুরে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি গলির ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নগরের ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী, গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন ও সঞ্জিব কুমার দাস, আর্শেদ কন্টাক্টর গলির সিফাত, কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম, দরগাবাড়ির ইয়াসিন আরাফাত ও রফিকুল ইসলাম, জিহাদ, টুমচরের নাইম, শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম এবং মেহেন্দিগঞ্জের রাজিব চন্দ্র দাস।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে ১২ জনকে আটক করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতা রয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি হিসেবে সেখানে সভা করছিলেন। তবে পুলিশের ধারণা, বৈঠকটি বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হতে পারে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের মোবাইল ফোনের কথোপকথন ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি ভবনে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য নাশকতার পরিকল্পনা করছেন। পরে মহানগর গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানা-পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।

সুশান্ত সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই তারা সেখানে পরিকল্পনা করছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ