বজ্রপাতে সাত জেলায় ১২ জনের মৃত্যু
দেশের সাত জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
পটুয়াখালী
পটুয়াখালীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে সকাল ৯টার দিকে মাঠে গরু বাঁধতে গিয়ে মারা যান সৌরভ মজুমদার (২২)। কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে দুপুর ১টার দিকে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় নিহত হন জহির উদ্দিন (২৮)। দুপুর ২টার দিকে কলাপাড়ার পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম (৫৫) এবং একই সময় শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে প্রাণ হারান খালেক হাওলাদার (৫৫)। গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জামালপুর
জামালপুরের ইসলামপুর উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামে সকাল ৬টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে মারা যান শামীম মিয়া (৩৭)। সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সকাল ৯টার দিকে সড়ক নির্মাণকাজের সময় বজ্রপাতে মৃত্যু হয় সাগর ইসলাম (১৮)।
বরগুনা
বরগুনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকায় দুপুরে জেলে আল-আমীন নিহত হন। আমতলী উপজেলার পূজাখোলা এলাকায় দুপুরে কৃষক নুরজামালের মৃত্যু হয়। ঘটনার পর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা হস্তান্তর করেন।
ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি এলাকায় সকাল ৮টার দিকে রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) মারা যান।
বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে বিকেলে গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুর রবিন হাওলাদার (৫৩) নিহত হন।
রংপুর
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে দুপুরে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে গৃহবধূ সাহেরা বেগম (৪০) বজ্রপাতে মারা যান।
রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে সকাল পৌনে ৭টার দিকে মেয়েকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নিহত হন। তার কোল থেকে ছিটকে পড়া মেয়ে সাফিয়া সামান্য আহত হলেও সুস্থ আছে।
এ ছাড়া শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রাজিব শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই কৃষক, জেলে ও দিনমজুর। তারা খোলা মাঠে কাজ করতে গিয়ে বা গৃহপালিত পশু আনতে গিয়ে প্রাণ হারান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে