৫ আগস্ট সংসদ ভবনে লুকিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন
আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় এ তথ্য জানান পলক। শুনানি চলাকালে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেন পলক।
একই সঙ্গে কারাগারের গেটে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুরোধ করেন তিনি। শুনানি শেষে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পলককে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে