মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১২ বাংলাদেশি, রাশিয়ায় গিয়ে নিহত আরও ৪
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মন্ত্রী বলেন, নিহত ১২ জনের মধ্যে একজনকে সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে। অপরদিকে ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং তাদের পরিবারকে বিমানবন্দরে দাফন বাবদ ৩৫ হাজার টাকা ও বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকি দুইজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন এবং ইরাক ও বাহরাইনে ১ জন করে মারা গেছেন।
এদিকে, সংসদে আরেক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি কর্মী বৈধভাবে রাশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতির তথ্য পেয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেয় এবং বাংলাদেশ দূতাবাসকে তাদের উদ্ধারের নির্দেশ দেয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকার রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বাকি বাংলাদেশি কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া মন্ত্রী জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। জুলাই মাসে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং দ্রুতই শ্রমবাজার চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংসদে দেওয়া আরেক তথ্যে জানানো হয়, ২০০৪ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৯ জন বাংলাদেশি গেছেন। তবে তাঁদের অনেকেই দেশে ফিরে আসায় বর্তমানে কতজন বাংলাদেশি ওই অঞ্চলে কর্মরত আছেন, তার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।
মতামত দিন