বীর মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে চান ১২ জন
মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়েছেন, এমন অন্তত ১২ ব্যক্তি সনদ ফিরিয়ে দিতে চান। এ জন্য তারা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আবেদনকারীদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়ে অবসরে যাওয়া এক ব্যক্তি। আরেক ব্যক্তি জানিয়েছেন, সনদ নেয়া তার ভুল হয়েছে। এ ছাড়া দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কেউ কেউ। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সনদ ফেরত দিতে আবেদন করা ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
কর্মকর্তারা বলছেন, যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করেছেন, নাম প্রকাশ করলে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হবেন। এ কারণে তাদের নাম গোপন রাখা হচ্ছে।
এর আগে গত ১১ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছিলেন, ‘মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন। এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। এটি ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ।’ তিনি এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ ফেরত দেয়ার আহ্বান জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে